ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রের তথ্যমতে, ভারতজুড়ে অবস্থিত বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্ভূত উদ্বেগের প্রেক্ষিতেই এই তলব। দিল্লি ও কলকাতাসহ বিভিন্ন স্থানে বাংলাদেশি কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
চলতি মাসে এটি ভারতীয় হাইকমিশনারের দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজিরা। এর আগে গত ১৪ ডিসেম্বর তাকে তলব করা হয়েছিল বাংলাদেশে সহিংসতা উসকে দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগ সংক্রান্ত বিষয়ে।
সেই সময় বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায় যে, ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যের মাধ্যমে অনুসারীদের সহিংস কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন, যা দেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ঝুঁকিপূর্ণ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতের রায় কার্যকরের স্বার্থে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি পুনরায় জানানো হয়। একই সঙ্গে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়।
এছাড়াও বাংলাদেশের রাজনৈতিক নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে বিষয়ে সহযোগিতা কামনা করা হয়। কেউ ভারতে প্রবেশ করে থাকলে তাদের গ্রেপ্তার ও প্রত্যর্পণের অনুরোধও জানানো হয়।
তলবকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়াই ভারতের প্রত্যাশা। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।