ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার বিষয়ে বছরের শেষ নাগাদ সিদ্ধান্ত না হলে বড় ধরনের সংকটে পড়বে কিয়েভ। ব্রাসেলসে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ইইউ শীর্ষ বৈঠকে তিনি দ্রুত বিলিয়ন ইউরোর ঋণ অনুমোদনের আহ্বান জানান।
জেলেনস্কি জানান, আগামী বসন্তের আগেই অর্থনৈতিক সহায়তা না পেলে ইউক্রেনকে ড্রোন উৎপাদন কমাতে বাধ্য হতে হবে। বর্তমানে ইউরোপে জব্দ থাকা রাশিয়ার প্রায় ২১০ বিলিয়ন ইউরোর সম্পদের বড় অংশ বেলজিয়ামভিত্তিক সংস্থা ইউরোক্লিয়ার–এ সংরক্ষিত। তবে বেলজিয়ামসহ কয়েকটি দেশ এতদিন এই অর্থ ‘ক্ষতিপূরণ ঋণ’ হিসেবে ব্যবহারে আপত্তি জানিয়ে আসছে।
এদিকে রাশিয়া তাদের সম্পদ ব্যবহারের বিরুদ্ধে সতর্কতা দিয়েছে এবং ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মস্কোতে মামলা করেছে। তবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, “এই মুহূর্তে ইউরোপকে দায়িত্ব নিতে হবে।”
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেন, “সমাধান ছাড়া এই বৈঠক শেষ হবে না।” বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভার ঝুঁকির ইঙ্গিত দিলেও সতর্ক অবস্থান বজায় রেখেছেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তি আগের যেকোনো সময়ের চেয়ে এখন প্রায় লক্ষ্যের কাছাকাছি। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে মায়ামিতে আলোচনার প্রস্তুতিও চলছে।