ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীতে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়ার পরপরই শাহবাগে অবস্থান নেন জুলাই মঞ্চ ও ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষ শাহবাগ মোড়ে জড়ো হয়ে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে শাহবাগ এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
বিক্ষোভকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব’, ‘জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’- এমন নানা স্লোগান দেন। আবেগঘন পরিবেশে অনেককে চোখের জল ফেলতেও দেখা যায়।
একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে তারা হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করে এর পেছনের পরিকল্পনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজে তার মৃত্যুর খবর জানানো হয়।