Ridge Bangla

আগামী সরকারের প্রথম দায়িত্ব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা: তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যারা সরকার গঠন করবে, তাদের প্রথম ও প্রধান দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা-এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “প্রথমেই আমাদের সর্বশক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা করতে পারলে সমাজের অনেক সমস্যা স্বাভাবিকভাবেই কমে আসবে এবং রাষ্ট্র পরিচালনার অন্যান্য কাজ সহজ হবে।”

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জন প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সভায় বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।

তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে সমাজের বিভিন্ন স্তরে অন্যায্য সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, যা একটি অভ্যাসে পরিণত হয়েছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে দুর্নীতির লাগাম শক্ত হাতে ধরতে হবে। একই সঙ্গে তিনি পানি সংকট, যানজট, নারী ও প্রান্তিক কৃষকদের সমস্যাসহ জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

ঢাকার যানজট প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীর পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। তিনি জানান, শিক্ষিত নারীদের ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রান্তিক ও মাঝারি কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনা হবে।

স্বাস্থ্য খাত নিয়ে তারেক রহমান বলেন, এক লাখ হেলথ কেয়ারার নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত করা হবে। শিক্ষকদের ডিজিটাল প্রযুক্তিতে প্রশিক্ষিত করার উদ্যোগও নেওয়া হবে।

তিনি আরও বলেন, অবকাঠামো নির্মাণে দীর্ঘ সময় না ব্যয় করে পাবলিক–প্রাইভেট হাসপাতাল অংশীদারত্ব নীতির মাধ্যমে দ্রুত জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব। এই ব্যবস্থায় সরকারি হাসপাতালের অতিরিক্ত রোগীদের রাষ্ট্রীয় খরচে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হবে।

শেষে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

This post was viewed: 29

আরো পড়ুন