রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটের দিকে তিনতলা ভবনটিতে হঠাৎ করে আগুন ধরে গেলে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম জানায়, খবর পাওয়ার পর লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দিলে মোট সাতটি ইউনিট সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন যাতে আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সেজন্য ফায়ার সার্ভিস সদস্যরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন।
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। পরে পানি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে আগুন মোকাবিলা শুরু করা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করা যায়নি। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে, তা অনুসন্ধান চলছে।