Ridge Bangla

নির্বাচনে আচরণবিধি ভাঙলেই বাতিল হবে প্রার্থিতা: ইসি আনোয়ারুল

নির্বাচনী আচরণবিধি মানতে এবার কড়াকড়ি অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললেই কোনো ধরনের সতর্কতা বা শোকজ ছাড়াই সরাসরি প্রার্থিতা বাতিল করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সায়রা গার্ডেনে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এবার তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করা হবে না। যেখানে জরিমানার প্রয়োজন হবে সেখানে জরিমানা করা হবে আর অপরাধ গুরুতর হলে ম্যাজিস্ট্রেটরা কারাদণ্ডসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন। এছাড়াও ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তৎপর থাকবেন।’

পোস্টার নিষিদ্ধকরণের বিষয়ে তিনি জানান, ‘এই নির্বাচনে পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার পরপরই কঠোর অবস্থান নেওয়া হবে। সব প্রার্থীকে সমান সুযোগ দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

ভোটকেন্দ্রের আইন–শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘কমিশনের অধীনে একটি মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করবে। আইন–শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে মাঠে থাকবে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবে। আমরা আশা করছি, এবারের নির্বাচন হবে সর্বোত্তম ও মানসম্মত নির্বাচন।’

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

This post was viewed: 26

আরো পড়ুন