Skip to main content

Ridge Bangla

সুব্রত বাইনসহ ৪ জনের অস্ত্র মামলায় বিচার শুরু

রাজধানীতে দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল–১৫ এর বিচারক ফাহমিদা জাহাঙ্গীর এ আদেশ দেন। আগামী ১৬ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহফুজ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

অভিযুক্ত অন্য তিনজন হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, এম এ এস শরীফ এবং আরাফাত ইবনে নাসির।

আদালত সূত্রে জানা যায়, সুব্রত বাইন ও আরাফাতকে কারাগার থেকে সরাসরি আদালতে হাজির করা হয়, আর মোল্লা মাসুদ ও শরীফ ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।

গত ১৫ জুলাই ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা শাখা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। উল্লেখ্য, গত ২৭ মে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানী থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ ২৩ জনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। দেশজুড়ে খুন, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার পর সুব্রত বাইন ভারতে পালিয়ে যান। পরবর্তীতে তিনি দেশে ফিরে আবারও সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় হন।

This post was viewed: 72

আরো পড়ুন