Skip to main content

Ridge Bangla

বিপদসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৬ টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড হয় ৫২.২৫ মিটার, যা বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের বহু নিম্নাঞ্চল, সড়ক ও বসতবাড়ি প্লাবিত হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, অন্তত ১২ ঘণ্টা ধরে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা জানান, গত দুই দিনে নদীর পানি দ্রুত বেড়েছে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় পানি বেড়ে যায় প্রায় ৮০ সেন্টিমিটার। এতে বহু গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে মাছের ঘের, রোপা আমনের জমি, সবজির খেত ও চরাঞ্চলের রাস্তা। অনেক পরিবার নৌকা ও কলার ভেলায় চলাচল করছেন।

অন্যদিকে, তিস্তার কাউনিয়া পয়েন্টেও পানি দ্রুত বাড়ছে। রোববার সন্ধ্যায় বিপদসীমার ৮০ সেন্টিমিটার নিচে থাকলেও সোমবার সকালে তা কমে ২৫ সেন্টিমিটার নিচে নেমে আসে। একইভাবে ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে রোববার পানি বিপদসীমার অনেক নিচে থাকলেও সোমবার সকালে তা বিপদসীমার মাত্র ৩ সেন্টিমিটার নিচে পৌঁছায়।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শায়খুল আরিফিন বলেন, তিস্তা তীরবর্তী এলাকায় রোপা আমন, চিনাবাদাম ও শাকসবজি চাষ হচ্ছে। পানি যদি কয়েকদিন স্থায়ী হয় তবে এসব ফসলে ব্যাপক ক্ষতি হবে। তবে দ্রুত পানি নেমে গেলে ক্ষতির মাত্রা কম হবে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে।

This post was viewed: 72

আরো পড়ুন