Skip to main content

Ridge Bangla

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, লন্ডনে চিকিৎসাধীন

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হলেও এখনো ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছেন তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জয় এ তথ্য তুলে ধরেন। কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বাবার অসুস্থতার বিস্তারিত জানান এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। জয় বলেন, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা জটিলতা দেখা দেয়। কথা বলতে অসুবিধা, স্মৃতিশক্তি হ্রাসসহ নানা উপসর্গ। ৯ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার মাথায় টিউমার ধরা পড়ে। জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের মেডিকেল বোর্ড অপারেশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলে পরিবার তাকে ২৬ এপ্রিল লন্ডনে নিয়ে যায়।

পরে লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিক প্রাথমিক পরীক্ষা শেষে ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করেন। চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে থাকায় সম্পূর্ণ অপসারণ সম্ভব হয়নি। আংশিক অপারেশনের পর অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চিকিৎসা চলছে।

আগামী ছয় সপ্তাহে পরপর ৩০টি সেশনে (সপ্তাহে পাঁচ দিন) রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা অনুমতি দিলে তখন দেশে ফেরা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জয়। তিনি বলেন, “চিকিৎসা কঠিন ও ব্যয়বহুল হলেও আমরা বাবার দ্রুত আরোগ্য কামনা করছি। দেশবাসী তার জন্য দোয়া করবেন।”

This post was viewed: 64

আরো পড়ুন