Ridge Bangla

সাশ্রয়ী হজের পথ দেখাচ্ছে ইন্দো-মালয়েশিয়া মডেল

হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ। তিনি মনে করেন, হজ ব্যবস্থাপনায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার গৃহীত মডেল একটি যুগান্তকারী উদ্যোগ। এই মডেলকে বাংলাদেশের জন্য উপযোগী করে বাস্তবায়ন করা গেলে হজযাত্রীরা কম খরচে হজ সম্পন্ন করতে পারবেন এবং জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ হজ একাডেমি কর্তৃক আয়োজিত ‘সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইন্দো-মালয়েশিয়া মডেলের মূল বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তিনি বলেন— এই মডেলের মাধ্যমে জনগণ ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ে হজে যাওয়ার সুযোগ পান। এতে স্বল্প আয়ের মানুষও দীর্ঘমেয়াদি সঞ্চয় পরিকল্পনার মাধ্যমে হজ করার সুযোগ পাচ্ছেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, দুই দেশের বিপুল সংখ্যক হজযাত্রী এই সঞ্চয় স্কিমে যুক্ত থাকায় তাদের জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে, যা সামগ্রিক উন্নয়ন ও প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে।

সেমিনারে ইসলামী ব্যাংকগুলোর সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ শামসুদ্দোহা, ড. মুহাব্ববত হোসাইন এবং ড. মুফতি ইউসুফ সুলতান।

This post was viewed: 48

আরো পড়ুন