Ridge Bangla

সিলেটে পাথর লুট: ১৫০০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর লুট ও চুরির ঘটনায় খনিজ সম্পদ মন্ত্রণালয় ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা এসব আসামির বিরুদ্ধে মামলা করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন। থানার সূত্রে জানা যায়, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১) লঙ্ঘনের অভিযোগে করা হয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা গত বছরের ৫ আগস্ট থেকে বিভিন্ন সময়ে সরকারি গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর অবৈধভাবে লুট করেছে। বিষয়টি জাতীয় গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়। তবে জড়িতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, “ভোলাগঞ্জ পাথর লুট ও চুরির ঘটনায় ১ হাজার থেকে ১,৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” পুলিশ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে তদন্ত ও অভিযান চালাচ্ছে। তারা আশ্বস্ত করেছেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভবিষ্যতে কোয়ারি থেকে অবৈধভাবে পাথর লুট রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 53

আরো পড়ুন