ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামী ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, নির্ধারিত সময়সীমার প্রথম দিন ৮ ফেব্রুয়ারি কিংবা শেষ দিন ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন এদিক-ওদিক করেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে যেকোনো দিনেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ১২ তারিখ বৃহস্পতিবার হওয়ায় সপ্তাহের মাঝামাঝি, বিশেষ করে মঙ্গলবার বা বুধবারের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে আগামী রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সভায় ভোটের তফসিল চূড়ান্ত করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী দু-তিন দিনের ব্যবধানে, সম্ভবত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের কারণে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও সহজ করতে বিভিন্ন বিষয়ে ভাবছে ইসি। নির্বাচন কমিশনার জানান, ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে ভোটারদের চাপ সামাল দেওয়া যায়। পাশাপাশি ভোটের সময়ও বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।
বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। নতুন প্রস্তাব অনুযায়ী এটি আধাঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করা হতে পারে। ইসির মতে, সময় বাড়ালে ভোটারদের ভিড় কমবে এবং একই দিনে দুই ধরনের ভোট আয়োজন সহজ হবে।