Ridge Bangla

৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বকেয়া অর্থ জমার নির্দেশ

২০২৬ সালের পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হজ-২০২৬ উপলক্ষে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীরা ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে এটি হজ প্যাকেজের আংশিক অর্থ মাত্র। চূড়ান্তভাবে হজে যেতে হলে নির্ধারিত প্যাকেজ অনুযায়ী সম্পূর্ণ অর্থ পরিশোধ করা বাধ্যতামূলক।

মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত পত্রে উল্লেখ করা হয়েছে, যেসব হজযাত্রী এখনো নির্বাচিত প্যাকেজের পূর্ণ অর্থ জমা দেননি, তাদের অবশ্যই আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের পর বকেয়া অর্থ জমা নেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরব সরকারের নির্ধারিত সময়সূচি ও কোটার সঙ্গে সামঞ্জস্য রেখে হজ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হয়। এ কারণে সময়মতো অর্থ পরিশোধ না করলে ভিসা প্রক্রিয়া, ফ্লাইট বুকিং এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হতে পারে।

This post was viewed: 32

আরো পড়ুন