বাংলা ঋতুচক্রের পৌষ মাসের শেষভাগে এসে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ আরও বেড়েছে। বর্তমানে দেশের ২০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়- ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
অন্যান্য অঞ্চলের মধ্যে চুয়াডাঙ্গা ও পাবনায় ৮ দশমিক ৫, কুড়িগ্রামে ৯, সিরাজগঞ্জে ৯ দশমিক ১, নীলফামারী ও রাজশাহীতে ৯ দশমিক ৪, যশোরে ৯ দশমিক ৫, রংপুরে ৯ দশমিক ৬ এবং বগুড়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা এবং নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ মোট ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।