Ridge Bangla

২০২৬ সালের এসএসসির ফরম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর। এটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় এবং এক থেকে চার বিষয়ে ২০২৫ খ্রিষ্টাব্দের অকৃতকার্য পরীক্ষার্থীদের ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় ও বিষয়গুলোতে অংশ নেওয়ার জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান বরাবরে সাদা কাগজে ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচনী পরীক্ষা নিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে।

এতে আরও বলা হয়, বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ১২ জানুয়ারি থেকে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৪৩৫ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগে চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৩১৫ টাকা এবং মানবিক বিভাগে চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৩১৫ টাকা।

This post was viewed: 22

আরো পড়ুন