Ridge Bangla

১৭১৯ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু: শিক্ষা মন্ত্রণালয়

দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি স্কুল ও কলেজকে প্রথম পর্যায়ে সরকারি এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়ন করা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে অর্থ বিভাগে সম্মতি চেয়ে পত্র পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রোববারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী আবেদন আহ্বান করা হলে মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ের ৮৫৯টি, মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ১৭০টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৮৭টি, স্নাতক (পাস) ৪৪০টি, স্নাতক (সম্মান) ৪১৪টি এবং স্নাতকোত্তর পর্যায়ের ৪৫টি প্রতিষ্ঠান রয়েছে।

প্রাথমিক যাচাই ও মাপকাঠি, আঞ্চলিক সাম্য এবং গ্রেডিংয়ের ভিত্তিতে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে প্রথম পর্যায়ে এমপিওভুক্তির জন্য বিবেচনা করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ভূমি মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনলাইন ডাটাবেজের মাধ্যমে তথ্য যাচাই করা হবে। প্রয়োজন হলে সরেজমিনেও তদন্ত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এমপিওভুক্তির প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, যেখানে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। অনৈতিক চেষ্টা বা অভিযোগ থাকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বর (+৮৮০১৩৩৯-৭৭৪৫২৮) খুদে বার্তার মাধ্যমে জানাতে বলা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন