Ridge Bangla

১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পোস্টাল ব্যালট গ্রহণ হবে না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের পর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসে পৌঁছানো কোনো পোস্টাল ব্যালট গণনার জন্য গ্রহণ করা হবে না।

শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বার্তায় পোস্টাল ভোটারদের দ্রুত ভোট প্রদান সম্পন্ন করে ব্যালট ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালট পাওয়ার সঙ্গে সঙ্গে ভোট প্রদান করে নির্ধারিত হলুদ খামে ভরে ডাকযোগে পাঠাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে।

ইসি সূত্র জানায়, নির্ধারিত সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গ্রহণ বা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। এ কারণে ডাক বিভাগের সম্ভাব্য বিলম্ব বিবেচনায় রেখে ভোটারদের আগেভাগেই ব্যালট পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, দেশ ও বিদেশ মিলিয়ে পোস্টাল ভোটের জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। তিনি বলেন, সময়মতো ব্যালট না পৌঁছালে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নষ্ট হতে পারে।

This post was viewed: 4

আরো পড়ুন