Ridge Bangla

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত সরকারের

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বস্তি দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হবে। এর মাধ্যমে দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের সুদসহ প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে, যা এ মওকুফ কর্মসূচির আওতায় আসবে।

সরকারের এ সিদ্ধান্তে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ঋণের বোঝা কমে গেলে কৃষকরা উন্নত বীজ, আধুনিক সেচ প্রযুক্তি ও কৃষি উপকরণে বিনিয়োগ করতে পারবেন। এতে পরবর্তী মৌসুমে উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হবে।

This post was viewed: 3

আরো পড়ুন