Ridge Bangla

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারির ছুটি সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি বহাল থাকবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও কার্যকর থাকবে।

তবে শ্রমিক ও কর্মচারীদের এই বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে কিছুটা নমনীয়তা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১০ ফেব্রুয়ারির ছুটির পরিবর্তে পরবর্তীতে সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ ঘোষণা করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মাধ্যমে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমে যাতে বড় ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির ছুটি প্রয়োজনে পরে অন্য কোনো দিনে কাজ করিয়ে সমন্বয় করা যাবে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর আবেদনের পর উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

This post was viewed: 3

আরো পড়ুন