Ridge Bangla

হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বর্তমান অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। তবে তাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত আইজিপি। তিনি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি জানতে পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। তিনি আরও বলেন, ফয়সাল দেশের বাইরে চলে গেছে- এমন কোনো নির্ভরযোগ্য তথ্যও এখনো পাওয়া যায়নি। অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলেও মন্তব্য করেন তিনি।

হত্যাকাণ্ডটি রাজনৈতিক বলে প্রচার করা হচ্ছে- এ বিষয়ে প্রশ্ন করা হলে অতিরিক্ত আইজিপি জানান, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্তে সব দিক গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ব্যক্তিগত বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে- এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পুলিশ ও অন্যান্য সংস্থা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে এবং সমন্বিতভাবে তদন্ত পরিচালনা করছে। এ সময় ‘অপারেশন ডেভিল হান্ট–২’ প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি জানান, ১৩ ডিসেম্বর থেকে শনিবার রাত পর্যন্ত এই অভিযানে সারা দেশে ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন