Ridge Bangla

হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্বার্থ–সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট হিসাবগুলোতে ১২৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রাথমিক প্রমাণ মিলেছে।

রোববার রাতে সিআইডি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। সংস্থাটি জানায়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে এসব অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

সিআইডির তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই ছায়া তদন্ত চালানো হচ্ছে। ঘটনার পরপরই ক্রাইমসিন ইউনিট মোতায়েন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, ব্যবহৃত গুলির খোসা উদ্ধার এবং আলামতের ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়। এর ধারাবাহিকতায় মানি লন্ডারিং আইনে পৃথক অনুসন্ধান শুরু করা হয়েছে।

গ্রেপ্তার অভিযানের সময় উদ্ধার হওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইও বিশ্লেষণ করেছে সিআইডি। সংস্থাটি জানায়, অভিযুক্ত ও তাঁর স্বার্থ–সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক চেকবইয়ে উল্লেখ থাকা অর্থের সমষ্টিগত পরিমাণ প্রায় ২১৮ কোটি টাকা, যদিও এসব চেকের সব লেনদেন সম্পন্ন হয়নি।

প্রাথমিক বিশ্লেষণে এসব লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

সিআইডি জানায়, হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ নেটওয়ার্ক জড়িত কি না, তা খতিয়ে দেখতে একাধিক দল কাজ করছে। তবে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এখনো পলাতক।

This post was viewed: 14

আরো পড়ুন