Ridge Bangla

হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণআন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, গত বছরের ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পর দেশজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, সে বিষয়ে উদ্বেগ জানিয়ে ফলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিশোধ ও সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করবে এবং সবার মানবাধিকার ক্ষুণ্ন করবে।

বিবৃতিতে মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারকে দ্রুত একটি বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর জোর দেন। একই সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে ফলকার তুর্ক বলেন, অবাধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

This post was viewed: 13

আরো পড়ুন