ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক শোকবার্তায় মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে শরিফ ওসমান হাদির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দূতাবাস তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। আহত হওয়ার পর প্রাথমিকভাবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ এই তরুণ নেতা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছাবে।
শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের একজন যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে তিনি ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।