Ridge Bangla

হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি হাদির মৃত্যুতে গভীর বেদনা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় তারেক রহমান বলেন, শরীফ ওসমান হাদির অকাল ও সহিংস মৃত্যু আবারও প্রমাণ করে, রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি আল্লাহর কাছে হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারেক রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর, যিনি সবসময় অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও শোকবার্তায় উল্লেখ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

This post was viewed: 16

আরো পড়ুন