ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা উপলক্ষে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন সাদা পোশাকের পুলিশ সদস্যরাও।
শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, হাদির মরদেহ যে হাসপাতালে রাখা হয়েছে, সেখান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ডিসি তালেবুর রহমান আরও জানান, জানাজা ও দাফন প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে সাদা পোশাকের পুলিশ মাঠে কাজ শুরু করেছে। নির্দিষ্ট স্থানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং সাদা পোশাকের পুলিশ সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।
অন্যদিকে, বিজিবি জানায়, হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তাদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।