Ridge Bangla

হাটহাজারীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে শতাধিক ব্যক্তি এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার পর একদল লোক বাড়িতে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়, ভাঙচুর করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। প্রায় ১৫ মিনিট ধরে হামলাকারীরা তাণ্ডব চালায়। তবে এ সময় বাড়িতে আনিসুল ইসলাম মাহমুদ কিংবা তার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন না। বাড়িতে কেবল দুজন নারী কেয়ারটেকার ছিলেন।

বাড়ির কেয়ারটেকার রোকেয়া বেগম জানান, শতাধিক লোক হঠাৎ এসে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা ঘরের বিভিন্ন অংশ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে হামলাকারীরা কোনো ধরনের মালামাল লুট করেনি বলে তিনি জানান।

ঘটনার পর হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

This post was viewed: 12

আরো পড়ুন