মধ্যপ্রাচ্যে সংঘটিত যুদ্ধের পঞ্চম সপ্তাহে হরমুজ প্রণালী অবরোধে আটকা পড়েছে প্রায় ২,০০০ বাণিজ্যিক জাহাজ। এসব জাহাজে থাকা ২০,০০০ নাবিক চরম জীবনসংকটে রয়েছেন। ফুরিয়ে আসছে খাবার ও পানি। প্রতি মুহূর্তে মৃত্যুভয় তাদের গ্রাস করছে।
একদিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভয়, অন্যদিকে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী কমে আসতে থাকায় দিশেহারা এই নাবিকরা এখন বাঁচার জন্য আকুল আবেদন জানাচ্ছেন। আন্তর্জাতিক নাবিক সহায়তা সংস্থা ও হেল্পলাইনগুলোর তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে এই অঞ্চলে আটকে থাকা জাহাজের নাবিকরা হাজার হাজার সাহায্যের বার্তা পাঠিয়েছেন।
ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন (আইটিএফ) জানিয়েছে, নাবিকদের জীবন রক্ষার জন্য খাদ্য, পানি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ জরুরি। আরব বিশ্ব ও ইরানের আইটিএফ সমন্বয়ক মোহাম্মদ আরাচেদি বলেন, “নাবিকরা গভীর রাতে ইন্টারনেট পেলে ফোন করে বলছেন, ‘এখানে বোমা পড়ছে, আমরা মরতে চাই না, দয়া করে আমাদের বাঁচান।’”
সংঘাত শুরু হওয়ার পর ১৯টি জাহাজে আক্রমণ ঘটেছে এবং এতে ১০ জন নাবিক নিহত হয়েছেন। ইরান হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে যেকোনো জাহাজে হামলা চালানো হবে। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ এই রুটের ওপর নির্ভরশীল। অবরোধের কারণে এশীয় দেশগুলোতে জ্বালানি নিরাপত্তা ও বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে।