Ridge Bangla

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় জানিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে এই আলটিমেটামের ঘোষণা দেওয়া হয়।

নেতাকর্মীরা জানান, দাবি মানা না হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় পুনরায় শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করা হবে। তাদের অভিযোগ, এক সপ্তাহ পেরিয়ে গেলেও শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হয়নি এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই।

এর আগে শনিবার শহীদ ওসমান হাদির জানাজার আগমুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকেও ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তিনি বলেন, কোনো ধরনের সহিংস কর্মসূচিতে না জড়িয়ে ইনকিলাব মঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন পরিচালিত হবে। একই সঙ্গে তিনি হাদির ওপর হামলার পর থেকে সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জনসমক্ষে তুলে ধরার দাবি জানান।

এদিকে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

This post was viewed: 13

আরো পড়ুন