Ridge Bangla

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার (৫ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইনশৃঙ্খলা, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ধাপে ধাপে পুলিশ সংস্কারে কাজ করছে এবং এ ক্ষেত্রে ইউএনডিপি সহযোগিতা করতে পারে। তিনি জানান, মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টি পরস্পর সম্পর্কিত এবং যথাযথ যাচাই শেষে তা সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।

গুম প্রতিরোধ অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, এতে কিছু সংজ্ঞাগত জটিলতা রয়েছে, যা সংশোধন করে পরবর্তীতে সংসদে আনা হবে।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার পুলিশ সংস্কার ও মানবাধিকার কমিশন গঠনে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে এসব কাঠামো উন্নয়নে ইউএনডিপি কাজ করে আসছে।

This post was viewed: 3

আরো পড়ুন