Ridge Bangla

স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ‘স্বর্ণযুগের’ গুণগান ট্রাম্পের, অর্থনীতিতে অসন্তুষ্ট ভোটাররা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের হাউস অব রিপ্রেজেন্টেটিভস চেম্বার থেকে বুধবার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দিয়েছেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে একাধিক জরিপে প্রেসিডেন্টের প্রতি ভোটারদের আস্থা কমে যাওয়া ও ব্যাপক অসন্তোষের ইঙ্গিত মেলার পরও গুরুত্বপূর্ণ এ ভাষণে যথারীতি নানা সত্য-মিথ্যা দাবি ও অভিযোগ করেন তিনি। নিজের সফলতার গুণগান করে বলেন, তাঁর হাত ধরেই ‘যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগের’ সূচনা হয়েছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ এটি। প্রথা অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের (প্রতিনিধি পরিষদ) যৌথ অধিবেশনে তিনি এ ভাষণ দেন। ট্রাম্প যখন ভাষণ শুরু করেন, তখন তাঁর সমর্থকেরা ‘ইউএসএ’ বলে স্লোগান দিতে থাকেন।

৭৯ বছর বয়সী ট্রাম্পের এ দিনের ভাষণ ছিল এক ঘণ্টা ৪৭ মিনিটের, যা গত বছর কংগ্রেসে দেওয়া তাঁর দীর্ঘ ভাষণের রেকর্ড ভেঙে দিয়েছে। বছরের শেষ দিকের নির্বাচনে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন- রিপাবলিকান আইনপ্রণেতাদের এ উদ্বেগ কমাতে ট্রাম্প মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত তাঁর ভাষণের প্রথম ঘণ্টা ব্যয় করেছেন অর্থনীতি নিয়েই। তিনি বলেন, মূল্যস্ফীতি শ্লথ করেছেন, স্টক মার্কেটকে রেকর্ড উচ্চতায় নিয়ে গেছেন, ব্যাপক কর কমানো এবং ওষুধের দাম কমানোর আদেশে স্বাক্ষর করেছেন।

তাঁর এমন বক্তব্য জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষুব্ধ ভোটারদের আশ্বস্ত করতে পারবে কি না, তা স্পষ্ট নয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের জন্য ট্রাম্প বারবারই পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করে এসেছেন। এদিন ডেমোক্র্যাটদের অনেক আসনই ফাঁকা ছিল। তারা বাইরে ট্রাম্পবিরোধী সমাবেশে অংশ নিতে গিয়ে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ বর্জন করেন।

This post was viewed: 3

আরো পড়ুন