নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশে ভোটের সাংস্কৃতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন কোনো পক্ষের চাপের মুখে নেই বলেও তিনি নিশ্চিত করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রহমানেল মাছউদ বলেন, নির্বাচনকে সফল করতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের মধ্যে দায়িত্বশীল মানসিকতা রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো।
তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচনবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কমিশন কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি সতর্ক করেন।
ইসি মাছউদ বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে। বড় দুই রাজনৈতিক দলের নেতারা কমিশনের নির্দেশনা মেনে পোস্টার অপসারণ ও কিছু সফর বাতিল করেছেন, যা ইতিবাচক দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর বক্তব্য ভোটযুদ্ধের অংশ হলেও সব ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানায় কমিশন। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।