আফ্রিকার সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে। যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর আবেই এলাকার কাদুগলি লজিস্টিকস বেইসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (UNISFA) আওতাধীন সেনা ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং আরও আটজন আহত হন।
নিহত শান্তিরক্ষীদের মধ্যে রয়েছেন কর্পোরাল মোঃ মাসুদ রানা (নাটোর), সৈনিক শামীম রেজা (রাজবাড়ি), সৈনিক মোঃ মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শান্ত মণ্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)।
আহতদের দ্রুততম সময়ে উন্নত চিকিৎসার জন্য কেনিয়ার আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে সৈনিক মোঃ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর; সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বাকিরা বর্তমানে শঙ্কামুক্ত।
মরদেহ বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।