Ridge Bangla

সীমান্তে অভিযানে বিজিবির হাতে ১৬৪ কোটি টাকার চোরাচালানি ও ৭২ জন আসামি আটক

সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭২ জন আসামিসহ প্রায় ১৬৪ কোটি টাকার চোরাচালানি মালামাল ও ৫ কোটি ৪৭ লাখ টাকার মাদকদ্রব্য আটক করেছে। এছাড়া অভিযানকালে ২টি বিদেশি পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ২৪টি ডেটোনেটর উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) শ্রীমঙ্গলে ৪৬ ব্যাটালিয়ন বিজিবি-এর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান। তিনি জানান, বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের অধীনে ৪টি সেক্টর (সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ) এবং ১৩টি ব্যাটালিয়ন ১ হাজার ২০৪ কিমি. এলাকা জুড়ে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে।

কর্নেল তৌহিদ হাসান জানান, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে এ পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে এই বড় ধরনের জব্দ এবং গ্রেপ্তার অভিযান সম্পন্ন হয়েছে। এছাড়া বিজিবি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭টি জেলার ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, ভোটের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে টহল, গোয়েন্দা নজরদারি, পর্যাপ্ত জনবল ও বেইজ ক্যাম্প স্থাপনসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 9

আরো পড়ুন