চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পন্থিছিলা বটতল এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ২০ জন, যাদের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টসের কর্মী কুমিল্লার মো. শাহআলম (৫৫), ফেনীর ছাগল নাইয়া এলাকার পুলিশ সদস্য মো. কামাল (৪৫) এবং কুমিল্লার হিঙ্গুলী এলাকার মো. জসিম (৪০)। অন্য দুজনের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ বিধ্বস্ত হয়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঁচজনের লাশ উদ্ধার করেছে। তথ্য নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, সিডিএম লাইন নামের বাসটি প্রচণ্ড গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের উদ্ধার অভিযান শেষ করেছে।