সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক ঘটনায় ভারতীয় খাসিয়া নাগরিকদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন ইয়াকুব আলী (৩০) ও আশিকুর রহমান (২৮)।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্ধিপুর এলাকার উৎমা সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে একটি সুপারি বাগানে প্রবেশ করেন ইয়াকুব আলীসহ দুই বাংলাদেশি। এ সময় স্থানীয় খাসিয়া নাগরিকরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইয়াকুব আলীর বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইয়াকুব আলী বরম সিদ্ধিপুর গ্রামের আজমল আলীর ছেলে।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দমদমীয়া সীমান্ত এলাকার তুরং গ্রামের আশিকুর রহমান ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। সীমান্ত পিলার ১২৬০/২ এস-এর প্রায় এক কিলোমিটার ভেতরে পরিহাট এলাকার একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আশিকুর রহমানের মরদেহ উদ্ধার করে বাংলাদেশে আনা হয়। নিহত আশিকুর রহমান তুরং গ্রামের বুরহান উদ্দিনের ছেলে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্র জানায়, ইয়াকুব আলীর ঘটনা ঘটে সীমান্ত পিলার ১২৫৫/২ এস-এর এক থেকে দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে। উভয় ক্ষেত্রেই সুপারি সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করা হয়েছিল বলে জানা গেছে।