Ridge Bangla

সিলেট সফর দিয়ে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা শুরু হচ্ছে ২২ জানুয়ারি

বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সিলেটকে প্রথম গন্তব্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে জাতীয় নির্বাচনের মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা জোরদার করার পরিকল্পনা রয়েছে বিএনপির।

এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। একই দিন আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, উত্তরবঙ্গ সফরের নতুন সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

ওই জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ও এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্র বলছে, সিলেট সফরের মাধ্যমে নির্বাচনি বার্তা তৃণমূলে পৌঁছে দিতে চায় বিএনপি। পর্যায়ক্রমে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলেও চেয়ারম্যানের সফরসূচি ঘোষণা করা হবে।

This post was viewed: 19

আরো পড়ুন