বিভিন্ন অভিযোগে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। বুধবার (১ এপ্রিল) রাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় পুরো বিভাগজুড়ে জ্বালানি সরবরাহে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতারা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নামে অযৌক্তিক জরিমানা ও প্রশাসনের বিভিন্ন সংস্থার চাঁদাবাজির প্রতিবাদেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিকে জ্বালানি সংকট ও সরবরাহ জটিলতার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচালকরা অবরোধ গড়ে তোলেন। মাঝসড়কে ট্রাক রেখে অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না থাকায় ব্যবসায়ীরা আগে থেকেই চাপে রয়েছেন। তার ওপর ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েন এবং ধারাবাহিক অভিযান ব্যবসা পরিচালনাকে কঠিন করে তুলেছে।