সিরাজগঞ্জে টানা ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে আধাপাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে জেলার বিভিন্ন মাঠ পানিতে তলিয়ে গেছে, ধানগাছ লুটিয়ে পড়েছে। এতে হতাশায় ভুগছেন কৃষকেরা।
শুক্রবার (১ নভেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জেলার তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, কামারখন্দ ও সদর উপজেলার শস্যভাণ্ডারখ্যাত মাঠগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় আধাপাকা ধানসহ কাঁচামরিচ, বেগুনসহ নানা সবজির বাগানও নষ্ট হয়ে গেছে।
চলনবিল এলাকার তাড়াশ উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যা কৃষকদের জন্য আরও উদ্বেগজনক।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা বলেন, “ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭৫০ হেক্টর জমির ফসলের ক্ষতির রিপোর্ট পাওয়া গেছে, যার মধ্যে আধাপাকা ধানের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি।”
তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা ও ক্ষতির তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তাদের। পাশাপাশি মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সরেজমিনে উপস্থিত থেকে কৃষকদের পরামর্শ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।