আসন্ন সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার (২০ মার্চ) ঘোষিত এই দলে কোনো নতুন মুখ না থাকলেও কয়েকজন অভিজ্ঞ ও চোটমুক্ত খেলোয়াড়ের প্রত্যাবর্তন ঘটেছে।
দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল এবং মিরাজুল ইসলাম। দীর্ঘ প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। বর্তমানে তিনি বসুন্ধরা কিংসের হয়ে ক্লাব ফুটবলে খেলছেন।
অন্যদিকে ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলামও আগের স্কোয়াড থেকে বাদ পড়ার পর আবার দলে ফিরেছেন। মিরাজুল ইসলাম সর্বশেষ ২০২৪ সালে ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেছিলেন। আরমান ফয়সাল খেলেছিলেন এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে, একই ম্যাচে ফাহমিদুল ইসলামও মাঠে ছিলেন। কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে তিনি ভারতের বিপক্ষে খেলতে পারেননি।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল। দলটি আজ রাতেই ভিয়েতনামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
এদিকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই হারালেও বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচগুলোকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছে বাংলাদেশ দল।