রাজধানীর শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সিকেডি হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি ও অর্থ দাবির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব এই অভিযান পরিচালনা করে। অভিযানে মূল অভিযুক্ত যুবদলের সাবেক নেতা মঈন উদ্দিন ছাড়াও তার আরও ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন, মো. লিটন মিয়া, মো. সুমন, মো. শাওন, স্বপন কাজি, মো. ফালান ও রুবেল।
র্যাব জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাজধানীর হাসপাতালগুলোতে রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সংস্থাটি।