প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফশিল উল্লেখ করে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর আইনি ভিত্তি প্রশ্নবিদ্ধ করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সিইসি সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। কিন্তু কোন আইনের ভিত্তিতে তিনি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হওয়ার জন্য শপথের ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন, তা স্পষ্ট নয়।
এ ধরনের কার্যক্রম তার এখতিয়ারের বাইরে এবং এটি শপথ ভঙ্গের শামিল।
তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচনের সময় নির্বাচন কমিশন শুধু সংসদীয় আসনের জন্য ব্যালট দিয়েছে, কোনো সংস্কার পরিষদের জন্য নয়। জনগণ সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্বের ম্যান্ডেট দিয়েছে, অন্য কোনো অপ্রাতিষ্ঠানিক পরিষদের জন্য নয়।