হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছে।
রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে সিইসিকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদনের নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি।
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। এর প্রেক্ষিতে আদালত রুল জারি করেছেন।
এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল। আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রিট করেন। আদালতের নির্দেশনা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়।