Ridge Bangla

সালমান শাহ হত্যায় সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা ২২ ফেব্রুয়ারি

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ঢাকার একটি আদালত আগামী ২২ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন। নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন করে সময় মঞ্জুর করেন।

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহ হত্যাকাণ্ডে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন তার মামা মোহাম্মদ আলমগীর। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে সালমান শাহের স্ত্রী সামীরা হকসহ শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডনসহ মোট ১৩ জনকে। পাশাপাশি আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রথমে রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার দিন সালমান শাহের পরিবার নিউ ইস্কাটনের বাসায় গিয়ে তাকে শয়নকক্ষে নিথর অবস্থায় পান। তার শরীরে আঘাতের চিহ্ন, গলায় দড়ির দাগ এবং মুখ ও পায়ে নীলচে দাগ ছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন। এসব আলামতের ভিত্তিতে বাদীপক্ষ সালমান শাহের মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে।

এজাহারে বলা হয়, সালমান শাহর পিতা কমর উদ্দীন আহমদ চৌধুরী মৃত্যুর আগে ছেলের মৃত্যুকে হত্যা বলে সন্দেহ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে আবেদন করেন। তিনি রমনা থানার অপমৃত্যু মামলাকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা হিসেবে গ্রহণ ও সিআইডির মাধ্যমে তদন্তের দাবি জানান। পিতার মৃত্যুর পর তার বোনের পক্ষে মোহাম্মদ আলমগীর মামলাটি পরিচালনা করছেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে কেউ মারা গেলে প্রমাণ সাপেক্ষে তারা দায়মুক্তি পাবেন। অভিযোগে বলা হয়েছে, এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্বপরিকল্পিতভাবে যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন।

This post was viewed: 6

আরো পড়ুন