Ridge Bangla

সালমান শাহকে ভাইয়ের মতোই দেখেছেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের অন্যতম জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বইয়ের দশকের শুরুতে তাদের আগমনেই পাল্টে যায় বাংলা সিনেমার ধারা, সৃষ্টি হয় রোমান্টিক ছবির নতুন অধ্যায়। মাত্র চার বছরের ক্যারিয়ারে এই জুটি উপহার দিয়েছেন ১৪টি জনপ্রিয় সিনেমা—যার মধ্যে ‘তুমি আমার’, ‘সুজন সখি’, ‘বিচার হবে’‘আনন্দ অশ্রু’ আজও দর্শকের মনে গেঁথে আছে।

বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে শান্ত জীবন কাটাচ্ছেন নায়িকা শাবনূর। সম্প্রতি দেশের একটি শীর্ষ গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণ করেন সালমান শাহকে নিয়ে। তিনি বলেন, “সালমান শাহ আর আমাকে নিয়ে অনেক গুজব রটেছে, কিন্তু এসবের কিছুই সত্য নয়। সালমানের কোনো বোন ছিল না, তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন। আমাকে ‘পিচ্চি’ বলে ডাকতেন। তার মা-বাবাও আমাকে মেয়ের মতোই স্নেহ করতেন।”

নিজের অনুভূতি জানাতে গিয়ে শাবনূর আরও বলেন, “আমিও সালমানকে ভাইয়ের মতোই দেখতাম। তবে আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। সালমান নাচে একটু দুর্বল ছিল। প্রায়ই বলতেন, ‘আমাকে একটু নাচ দেখিয়ে দে তো।’ আমি হাসতে হাসতে দেখিয়ে দিতাম।”

তিনি আরও জানান, সালমানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এফডিসিতে, যখন তিনি মৌসুমীর সঙ্গে শুটিং করছিলেন। পরে ‘তুমি আমার’ ছবিতে একসঙ্গে কাজের সুযোগ পান শাবনূর, যা তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী করে তোলে। তিন দশক পেরিয়ে গেলেও সালমান-শাবনূরের পর্দার রসায়ন আজও দর্শকের মনে অমলিন। শাবনূরের ভাষায়, “সালমান শাহ শুধু সহশিল্পী নন, তিনি ছিলেন একজন সত্যিকারের বন্ধু, যার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আজও অপরিবর্তিত।”

This post was viewed: 33

আরো পড়ুন