Ridge Bangla

সারাদেশে ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইইউ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশের ৬৪ জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষণ মিশন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা থেকে পর্যবেক্ষকরা বিভিন্ন জেলায় রওনা দিয়ে মাঠপর্যায়ে দায়িত্ব গ্রহণ করেন।

এ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইইউ মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ নির্বাচনি প্রক্রিয়ার নিরপেক্ষ, ভারসাম্যপূর্ণ ও তথ্যভিত্তিক মূল্যায়নে সহায়ক হবে।

তিনি আরও জানান, পর্যবেক্ষকরা দুই সদস্যের দলে কাজ করবেন। তারা ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শুধু শহর নয়, উপজেলা ও গ্রামাঞ্চলেও তারা পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য রাষ্ট্র ছাড়াও কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন। মাঠপর্যায়ে মোতায়েনের আগে তাদের বাংলাদেশের নির্বাচনি আইন, রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যম ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ইন্তা লাসে বলেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই পর্যবেক্ষণ মিশন কাজ করছে। মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস, যিনি গত ১১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মিশনের কার্যক্রম উদ্বোধন করেন।

নির্বাচনের সময় ঘনিয়ে এলে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে ইইউ ও সহযোগী দেশগুলোর প্রায় ২০০ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

This post was viewed: 3

আরো পড়ুন