Ridge Bangla

সারাদেশে অপরাধে ঊর্ধ্বগতি: এক মাসে মামলার সংখ্যা বেড়েছে ৫ শতাংশ

দেশজুড়ে চলমান অস্থিরতায় দেখা যাচ্ছে অপরাধের ঊর্ধ্বগতি। এ সময়ে দেশে হত্যাসহ সাত ধরনের অপরাধ বেড়েছে। পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে এসব অপরাধে দায়ের হওয়া মামলার সংখ্যা ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডাকাতি, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, চুরি, সিঁধেল চুরি ও পুলিশের ওপর হামলা এই সাত ধরনের অপরাধই অক্টোবর মাসে বেড়েছে। সেপ্টেম্বরে এসব অপরাধে তিন হাজার ৭৫৭টি মামলা হয়েছিল। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯৫১টিতে।

অক্টোবরে হত্যা মামলা হয়েছে ৩১৯টি, যা আগের মাসের চেয়ে ২২টি বেশি। সম্প্রতি (১০ নভেম্বর) পুরান ঢাকার সূত্রাপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী তারিক সাইফ মামুন। এর আগে মুন্সীগঞ্জে বিএনপি নেতা আরিফ মীরকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশের তথ্য বলছে, রাজনৈতিক প্রতিশোধ, আধিপত্য বিস্তার, সমাবেশ কেন্দ্রিক সংঘর্ষ ও চাঁদাবাজি এসব কারণেই সহিংসতার ঘটনা বাড়ছে।

শুধু সাধারণ অপরাধ নয়, পুলিশের ওপরও হামলার সংখ্যা বাড়ছে। সেপ্টেম্বরে যেখানে পুলিশের ওপর হামলার মামলা ছিল ৪৩টি, অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৯টিতে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এমন ঘটনায় ৫৩১টি মামলা রেকর্ড করা হয়েছে।

চাঁদাবাজি দমনে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। কেউ ভয়ে মামলা করতে না চাইলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করবে বলে সিদ্ধান্ত হয়েছে। চাঁদার টাকা বা রশিদসহ ধরা পড়লে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

অপরাধ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী মনে করেন, অপরাধ দমনে শুধু পুলিশি পদক্ষেপ নয়, সামাজিক সচেতনতা, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত বিচার নিশ্চিত করাও জরুরি।

This post was viewed: 49

আরো পড়ুন