ভোট প্রচারণা শেষ হওয়ার পরও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্যস্ততা কমেনি। বরং নির্বাচনী মাঠের আনুষ্ঠানিক প্রচার শেষ হলেও তিনি সারাদেশের রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতির খোঁজখবর নিতে সক্রিয় রয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনভর দলীয় নেতাকর্মী ও বিএনপি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। পাশাপাশি বিভিন্ন অঞ্চলের সার্বিক অবস্থা মূল্যায়ন করেন এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন।
দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল থেকেই গুলশানের কার্যালয় থেকে কাজ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি সারাদেশের প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে পরিস্থিতির আপডেট নেন। দেশের রাজনৈতিক পরিবেশ কেমন রয়েছে, কোথাও কোনো সংকট বা উদ্বেগজনক অবস্থা আছে কি না, এসব বিষয়েও খোঁজ নেন তিনি। এদিন তার বক্তব্য এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে সারাদেশে নেতাকর্মীদের কাছে পাঠানো হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে। পাশাপাশি সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৯টি আসনে আসন-সমঝোতা হয়েছে।