Ridge Bangla

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) রাজধানীর একটি স্থানে তাঁকে শনাক্ত করে আটক করা হয় এবং পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পরিচালনায় ভোটগ্রহণ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। ভোটারদের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে।

ভোটগ্রহণ চলাকালে দুপুর ৩টা পর্যন্ত ভোটার উপস্থিতি জানানো হয় ২৭ দশমিক ১৫ শতাংশ, কিন্তু মাত্র এক ঘণ্টা পর তা বাড়িয়ে ৪০ শতাংশ বলা হয়। এই অস্বচ্ছতা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তৎকালীন সিইসি হাবিবুল আউয়াল। তিনি শুরুতে ভোটার উপস্থিতি ২৮ শতাংশ বলার পর পরে তা সংশোধন করে ৪০ শতাংশ জানান, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

এইসব অনিয়মের অভিযোগে বিএনপি সম্প্রতি সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন হাবিবুল আউয়াল, এ কে এম নুরুল হুদা এবং কাজী রকিবউদ্দীন আহমদ।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে থাকা হাবিবুল আউয়ালকে সোমবার পুলিশ গ্রেপ্তার করে। এর একদিন আগে, রোববার গ্রেপ্তার হন আরেক সাবেক সিইসি এ কে এম নুরুল হুদা।

This post was viewed: 45

আরো পড়ুন