Ridge Bangla

সাতসকালে ঝাড়ু হাতে রাজধানীর সড়ক পরিষ্কারে জামায়াত আমির

রাজধানীর মনিপুর এলাকায় সাতসকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর এই কর্মসূচি পালন করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন জামায়াত আমির। এ সময় তিনি নিজ হাতে সড়কের আবর্জনা পরিষ্কার করেন এবং সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে করে সেগুলো সংগ্রহ করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।

ভিডিওতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও ঝাড়ু হাতে কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের ‘আবর্জনা’ দূর করতে চায় জামায়াত। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপট না থাকলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হতো না। তাই সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

This post was viewed: 2

আরো পড়ুন