Ridge Bangla

সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু মারা গেছেন

প্রবীণ সাংবাদিক ও কুড়িগ্রামের সংবাদ জগতের অন্যতম পরিচিত মুখ মমিনুল ইসলাম মঞ্জু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

প্রায় পাঁচ দশক ধরে তিনি উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ও নদীঘেরা কুড়িগ্রামের মানুষের জীবনযাপন ও সংকট গণমাধ্যমে তুলে ধরেছেন। সর্বশেষ তিনি এখন টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে একুশে টেলিভিশন, সিএসবি, সময় টেলিভিশন এবং দৈনিক সমকালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কুড়িগ্রামের ছিটমহল সংকট, নদীভাঙন, বন্যা, খরা ও কৃষিভিত্তিক নানা প্রতিবেদন তৈরিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য। সাংবাদিকতার পাশাপাশি তিনি কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও একাধিকবার দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি তিন সন্তান, অসংখ্য সহকর্মী ও অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাহত এখন টেলিভিশন পরিবার, কুড়িগ্রামের সাংবাদিক সমাজ এবং স্থানীয় মানুষ।

মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আছর কুড়িগ্রাম শহরের পশ্চিম মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বিকেল ৫টা ৪৫ মিনিটে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে। এরপর তাকে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

This post was viewed: 46

আরো পড়ুন